হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: অন্তর্বর্তী সরকারকে ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই আল্টিমেটাম দেন।

প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জাবের বলেন, “আপনি বলেছেন, আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু হাদির জানাজার ময়দানে আপনি একবারের জন্যও বলেননি এই খুনের বিচারের ব্যাপারে আপনার পদক্ষেপ কী। এত বড় একটা হত্যাকাণ্ড হলো, অথচ আপনার মুখ থেকে বিচার প্রক্রিয়ার কোনো সুনির্দিষ্ট কথা আমরা শুনলাম না।” তিনি আরও যোগ করেন, “আপনার মধ্যে যে এক ধরনের অসহায়ত্ব আমরা দেখতে পাচ্ছি, তা কেন?আপনাকে কে অসহায় করে তুলল, তা দেশের মানুষ জানতে চায়।”

নির্বাচন নিয়ে হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেওয়া হয়, হাদির হত্যাকারীদের আড়াল করে নির্বাচনের দিকে পা বাড়ানো যাবে না। জাবের বলেন, “হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন—এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতা বজায় রেখে কোনো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না।”

রক্তপাতের কঠিন হুঙ্কার

জনগণের ক্ষোভের কথা উল্লেখ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে, সেই দিন শেষ। এখন থেকে আমরা আর রক্ত দেব না। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করার দায়িত্ব পালন করতে না পারলে জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। আর একবার রক্তপাত শুরু হয়ে গেলে আপনারা তা থামাতে পারবেন না।”

দ্রুত গ্রেপ্তারের দাবি

সংবাদ সম্মেলন থেকে সরকারকে অবিলম্বে হাদি হত্যার সাথে জড়িত মূল কুশীলব ও খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *