জলবায়ু মোকাবিলায় ১০ তরুণ সংগঠনকে ‘ইউথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্বকে উৎসাহিত করতে ‘স্পার্ক দ্য চেঞ্জ, লিড দ্য ক্লাইমেট ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত হয়ে গেল ‘ইউথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানে জলবায়ু সহনশীলতা তৈরি ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য ১০টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে।

​আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও বাংলাদেশ (VSO Bangladesh) এ বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্য ও অনুদান হস্তান্তর

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত ১০টি তরুণ সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি

​জলবায়ু সংকট মোকাবিলা ও পূর্বপ্রস্তুতিতে তরুণদের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথি বলেন, “জলবায়ু ঝুঁকি হ্রাস ও টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের এই নেতৃত্ব বাংলাদেশেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও শক্তিশালী ও সহনশীল করে তুলবে।”

উদ্যোগের উদ্দেশ্য ও অনুদান সহায়তা

​ভিএসও বাংলাদেশের এই উদ্যোগের আওতায় নির্বাচিত ১০টি তরুণ সংগঠনকে নিজস্ব এলাকায় নির্দিষ্ট জলবায়ু সমস্যা সমাধানের লক্ষ্যে আর্থিক অনুদান ও টেকনিক্যাল সহায়তা দেওয়া হবে। এসব উদ্যোগ স্থানীয় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।

আমন্ত্রিত অতিথিবৃন্দ

​অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন:

  • ড. আবুল হোসেন — সাবেক সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং চেয়ারপারসন, ভিডিএফ উপদেষ্টা কমিটি।
  • ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন — যুগ্ম সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
  • এ এস এম মারজান নূর — পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা, ব্রিটিশ হাই কমিশন, ঢাকা।
  • ড. মো. গোলাম মাহবুব — পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র।
  • তালহা জামাল — কান্ট্রি ডিরেক্টর, ইসলামিক রিলিফ বাংলাদেশ।
  • মোঃ মাসুম আহমেদ — উপ-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

​অনুষ্ঠানে পূর্ববর্তী বছরের বিজয়ী সংগঠনগুলোর সফল কার্যক্রম তুলে ধরা হয় এবং সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করা বিচারক প্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ভিএসও বাংলাদেশ জানায়, তরুণদের জলবায়ু নীতি ও কর্মপরিকল্পনার মূল ভূমিকায় নিয়ে আসতে তাদের এ সমর্থন ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।