হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্টের সময় গ্যাস নির্গমন; চাঞ্চল্য

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি নির্মাণাধীন ব্রিজের সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) করার সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এই ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ভৈরব বাজার এলাকায় একটি ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কাজ চলছে। ঠিকাদার সাইফুল ইসলামের শ্রমিকরা গত বৃহস্পতিবার বিকেলে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর পর্যন্ত বোরিং করে মাটি পরীক্ষা করেন। কাজ শেষ করে তারা চলে যাওয়ার পর শুক্রবার বিকেলে হঠাৎ ওই গর্ত থেকে তীব্র বেগে গ্যাস বের হতে দেখা যায়।

আগুন জ্বলতেই আতঙ্ক ও কৌতূহল

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে গর্তের মুখে আগুন ধরানো হলে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কয়েকশ উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। তবে সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা আপাতত গ্যাস নির্গমনের মুখটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন।

কর্তৃপক্ষের বক্তব্য

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস নির্গমনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ১-২ দিনের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে বিষয়টি অবহিত করা হবে এবং তাদের বিশেষজ্ঞ দল এলে এটি প্রাকৃতিক খনি কি না তা নিশ্চিত হওয়া যাবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *