খালিয়াজুরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত ডেলিভারি কর্মী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ছিনতাইকারীদের হামলায় স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত শ্রাবণ (৩৫) ওরফে শাওন পাটানকে আশঙ্কাজনক অবস্থায় খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় উপজেলার জাহেরপুর (বাল্লাকান্দি) ফেরিঘাট এলাকায় ফেরি পার হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। পরে উদয়পুর বাজারের রাস্তার পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে আহত শ্রাবণকে দেখতে হাসপাতালে যান খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এবং প্রধান শিক্ষক প্রান্তোষ সামন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উপস্থিত সবার ধারণা, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, শ্রাবণের অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, “তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। জ্ঞান ফিরে এলে পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, শ্রাবণের দ্রুত সুস্থতার জন্য তার বাবা-মা, আত্মীয়স্বজন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Comment