সেনবাগে অগ্নিকাণ্ডে নিহত প্রতিবন্ধীর বাড়ি পরিদর্শনে কাজী মফিজ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রতিবন্ধী মায়া রানীর (৪৫) বাড়ি পরিদর্শন করেছেন আলহাজ্ব কাজী মফিজুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যান।
পরিদর্শন ও সমবেদনা
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরটি ঘুরে দেখেন। এসময় তিনি নিহত মায়া রানীর একমাত্র কন্যার সঙ্গে কথা বলেন এবং তাকে গভীর শোক ও সমবেদনা জানান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সেলিম এবং উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নবীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে করুণ মৃত্যু হয় শারীরিক প্রতিবন্ধী মায়া রানীর। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিদর্শন শেষে কাজী মফিজুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
