স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ শুরু, শিক্ষার্থীরা পাবে যেভাবে
শিক্ষা ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রম শুরু হয়।
প্রকাশিত ডিজিটাল লটারির ফল স্কুলের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।
ফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে লটারির ফল জানতে ও ডাউনলোড করতে পারবে:
- ১. ব্রাউজারে যান: gsa.teletalk.com.bd
- ২. নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিন।
- ৩. ‘Result Download’ অপশনে ক্লিক করুন।
- ৪. লটারিতে নির্বাচিত হলে প্রদর্শিত পৃষ্ঠা থেকে ফল ডাউনলোড করা যাবে।
মাউশির বুধবার জারি করা চিঠিতে জানানো হয়, মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ডাউনলোডকৃত ফল পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন।
আবেদনের পরিসংখ্যান
মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
| প্রতিষ্ঠানের ধরন | মোট সংখ্যা | শূন্য আসন | মোট আবেদন | পছন্দক্রম |
| সরকারি স্কুল | ৬৮৮টি | ১ লাখ ২১ হাজার ৩০টি | ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন | ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি |
| বেসরকারি স্কুল | ৩ হাজার ৩৬০টি | ১০ লাখ ৭২ হাজার ২৫১টি | ৯৮ হাজার ৭৬২ জন | ১ লাখ ৮০ হাজার ৮৬২টি |
উল্লেখ্য, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়েছে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবেন।
