সাবেক এপিএস-এর দুর্নীতির বিষয়ে তদন্তের অনুরোধ: বিদায় বেলায় যা বললেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর কূটনৈতিক পাসপোর্টও ফেরত দিয়েছেন।
বুধবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সাবেক এপিএস-এর দুর্নীতি প্রসঙ্গে
এদিন নিজের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের অনিয়ম-দুর্নীতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমি দুদককে অনুরোধ করে জানিয়েছি এ বিষয়ে তদন্ত করার জন্য। যখন এ বিষয়ে অভিযোগ আসে, আমার আত্মবিশ্বাস ছিল, আমি কাউকে কিছু করার সুযোগ দিইনি। সে কারণে দুদককে অধিকতর তদন্তের জন্য অনুরোধ করি। এখন সেটি দুদকের এখতিয়ার। তারা হালনাগাদ তথ্য জানাতে পারবে।”
সম্পদ বিবরণী জমা
অন্তর্বর্তী সরকারের নীতিমালা অনুসারে, উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বুধবার তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক বছরের বেশি সময়ের অভিজ্ঞতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেক কথা বলা যায় না। আসলে এ ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা হয়। বিগত ২৫ বছরে যা শিখেছি, দায়িত্ব নেওয়ার পরের দেড় বছরে তার চেয়ে বেশি শিখেছি।”
আঞ্চলিক পক্ষপাতিত্বের অভিযোগ
উপদেষ্টার দায়িত্বে থাকার সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আমার বিরুদ্ধে আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। আমরা জানি না তারা কিসের ভিত্তিতে এ প্রতিবেদন করেছে। প্রকল্পটি পাস হওয়ার আগপর্যন্ত প্রতিবেদন করা কতটা ঠিক হয়েছে। এ প্রকল্প একনেকে পাস হয়নি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে আর একনেক সভা হবে না। তাই প্রকল্পটি আর পাস হবে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা
আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের পর অনেক সংবাদমাধ্যম বাক্স্বাধীনতার অপপ্রয়োগ করেছে। বাক–স্বাধীনতা থাকবে, তবে এর প্রকৃত ব্যবহার সবাই নিশ্চিত করবে।
আসিফ মাহমুদ জানান, তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন, সংবাদ সম্মেলনে সেটি পরিষ্কার করেননি। তিনি বলেছেন, এ বিষয়ে পরে জানানো হবে। শোনা যাচ্ছে, তিনি এনসিপি কিংবা গণঅধিকার পরিষদ থেকে ভোট করতে পারেন।
