মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ক্রীড়ামোদীদের সুস্থ বিনোদনের লক্ষ্যে ‘রেনেসাঁ কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় শাহ্ বাজার রেনেসাঁ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল বারী, আফজাল হোসেন লাল, রেজাউল করিম খন্দকার, মমিনুল ইসলাম মমিন এবং সিয়াজুল ইসলাম মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদকমুক্ত সমাজ গঠনে আয়োজকদের প্রত্যাশা
টুর্নামেন্টের বিষয়ে খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. জাকারিয়া মিঞা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিপলু বলেন, দল-মত নির্বিশেষে এলাকায় খেলাধুলার চর্চা বাড়ানো এবং মাদককে ‘না’ বলে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহী করে তুলতেই তাঁদের এই আয়োজন।
উদ্বোধনী ম্যাচের ফলাফল
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফুলবাড়ী উপজেলা ক্রিকেট দল এবং ভাঙ্গামোড় চৌধুরীটারি কিং ক্রিকেট দল পরস্পরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ফুলবাড়ী উপজেলা ক্রিকেট দল জয়লাভ করে।