ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ জন গ্রেপ্তার, মামলা ৩৪ জনের বিরুদ্ধে

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​অভিযান ও দেশীয় অস্ত্র উদ্ধার

​পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিতাইশাহ পুকুর সংলগ্ন কারিগরি কলেজের বিপরীতে শহীদ ফরিদের গোডাউন চাতালে কয়েকজন ব্যক্তির গোপন বৈঠকের খবর পায় পুলিশ। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে জহুরুল ইসলাম (৫০) ও জুয়েল বাবু (৪০) নামে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করে পুলিশ।

​নাশকতার অভিযোগ ও ৩৪ জনের নাম

​পুলিশের অভিযোগ, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনের ক্ষতিসাধনের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও ৩৩ জনের নাম-পরিচয় পাওয়া যায়।

​মামলা ও আদালতে প্রেরণ

​ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। মামলায় ৩৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment