মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ধেনু নদীপথে পাচারকালে প্রায় ৩৫ লাখ টাকার ১৭০ বস্তা অবৈধ ভারতীয় কফি পাউডার ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করেছে নৌ পুলিশ।
গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা রাতে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে ধেনু নদীর কাটা গাঙ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান ও জব্দকৃত মালামাল
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার কয়েকজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে খালিয়াজুরীর ধেনু নদীর কাটা গাঙ হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে নৌকা ও মালামালসহ দুজনকে হাতেনাতে আটক করে। পরে জব্দ তালিকা তৈরি করে ৩৪ লাখ ৭২ হাজার টাকার অবৈধ ভারতীয় কফি পাউডার ও নৌকাটি খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতদের পরিচয় ও মামলা
আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আরব আলীর ছেলে মো. আবুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের মো. কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, নৌকা ও মালামাল জব্দের ঘটনায় লেপসিয়া বাজার নৌ পুলিশের এএসআই আরিফুল ইসলাম বাদী হয়ে আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) খালিয়াজুরী থানায় অবৈধভাবে মালামাল পাচার আইনে মামলা দায়ের করেছেন। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ পাহারায় আটক দুজনকে নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হবে।