ফুলবাড়ীতে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ‘কারিগরি দক্ষতা মেলা’ অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবসমাজের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়।
অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার যৌথ আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণের সুযোগ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
টিটিসি ও যুব উন্নয়ন দপ্তরের বিশেষ উদ্যোগ
মেলায় যুবদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ:
- টিটিসি কুড়িগ্রামের অগ্রাধিকার: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুড়িগ্রামের কর্মকর্তা এস এম মেহেদী হাসান জানান, টিটিসিতে বর্তমানে ১২টি বিভিন্ন ট্রেডে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি ঘোষণা দেন, টিটিসির আগামী প্রশিক্ষণ ব্যাচে ফুলবাড়ী উপজেলার তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- যুব উন্নয়ন দপ্তরের ঋণের সুযোগ: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন জানান, যুব উন্নয়ন অধিদপ্তর ৪৭টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। এ সময় তিনি ফুলবাড়ীতে মাশরুম চাষে ৯০ জন এবং সেলাই প্রশিক্ষণে ৩০ জন তরুণ-তরুণীকে সরাসরি প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণ বুথ পরিদর্শন
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও তথ্য সংক্রান্ত বুথসমূহ ঘুরে দেখেন। মেলায় আসা যুবরা বুথগুলো থেকে বিভিন্ন ট্রেডে ভর্তির নিয়মাবলী, প্রশিক্ষণের সুবিধা এবং সম্ভাব্য কর্মসংস্থানের তথ্য সরাসরি সংগ্রহ করেন।
অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন কর্মী, তরুণ প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
