খালিয়াজুড়ীতে ৮ পিস ইয়াবাসহ যুবক আটক করে পুলিশে দিল জনতা; স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ীতে বিপুল মাদক কারবারের অভিযোগে উজ্জ্বল মিয়া (২২) নামের এক যুবককে ৮ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জ্বল মিয়া ওই এলাকার কাজল মিয়ার ছেলে।

ঘটনাক্রম ও মাদক কারবারীদের নাম প্রকাশ

​স্থানীয় সূত্রে জানা যায়, লংকাপাড়া এলাকায় অভিযুক্ত উজ্জ্বলকে ইয়াবাসহ দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত মাদকসহ লেপসিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, আটকের পর উপস্থিত জনতার সামনে উজ্জ্বল এলাকায় ইয়াবা সরবরাহের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম প্রকাশ করে। এদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় কাইয়ুম ও কিরণ মিয়ার নাম রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

মিছিল ও বাকবিতণ্ডা

​অভিযোগ উঠেছে, আসামি উজ্জ্বলকে পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের সময় সংক্ষুব্ধ এলাকাবাসী মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে উল্লেখিত নামগুলো উচ্চারণ করা হলে যুবদল নেতা আমিরুল ইসলাম ও তার অনুসারীরা তাতে বাধা ও হুমকি দেওয়ার চেষ্টা চালান। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে আমিরুল ও তার সমর্থকরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

পুলিশ ও যুবদল নেতৃবৃন্দের বক্তব্য

​লেপসিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের তালিকাসহ ৮ পিস ইয়াবাসহ আটক উজ্জ্বলকে মামলা প্রক্রিয়াকরণের জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়েছে।

​অভিযোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন জানান—

​”আমি বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান—

​”আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের সাথে জড়িত অন্য ব্যক্তিদের অভিযোগের বিষয়েও নিরপেক্ষ তদন্ত ও আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *