পৌরসভার ৩ নং ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা ছড়িয়ে দিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকাল ৫টায় বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নূর উদ্দীনের বাড়ির সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা
বসুরহাট পৌরসভা ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসাইন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইন এবং মাওলানা আবু ইউসুফ মোঃ ইয়াকুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ (বিএসসি)।
রমজানের শিক্ষা ও আদর্শ সমাজ গঠন
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রধান মেহমান মাওলানা মোশারফ হোসাইন বলেন, রমজান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে উদ্বুদ্ধ করে। মাওলানা হেলাল উদ্দীন ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিকভাবে শক্তিশালী হতে নিয়মিত অধ্যয়ন ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
বিশেষ মোনাজাত ও ইফতার
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত শেষে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
