মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে বসুরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অভিযানের উদ্বোধন করেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম
অভিযানের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
উপস্থিতিবৃন্দ ও সচেতনতার আহ্বান
কার্যক্রমে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদেরও সক্রিয় হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।