মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং ইফাদ ও রাইমসের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
সভাপতিত্ব, উদ্বোধন ও আলোচ্য বিষয়
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, এমআইএম ও প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে কর্মশালায় অনলাইনে উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক রেদওয়ানুর রহমান।
কর্মশালায় স্থানীয় পর্যায়ের ২২ জন অংশ নেন। প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্টের আওতায় বন্যার আগাম সতর্কবার্তা প্রদান ও প্রচারব্যবস্থার উন্নয়ন এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক, এমআইএম ও উপ-প্রকল্প সমন্বয়ক মো. হাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা ডিআরআরও টিএম বেনজির রহমান এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী হাসান আলী, জেলা পানি উন্নয়ন বোর্ড, উপজেলা কৃষি অফিস ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।