নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১; মরদেহ ছিনিয়ে নিল জনতা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. নাইম হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাইম ও তাঁর বন্ধু আজিজুল ইসলাম (২১) মোটরসাইকেলে করে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। পথে ডাঙ্গিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপ্টাস গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত আজিজুলকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা

দুর্ঘটনার পর নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্যাকেটে ভরার সময় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশের জন্য অপেক্ষা করতে চাইলেও নিহতের পরিবার ও স্থানীয় জনতা বাধা দেয়। একপর্যায়ে উত্তপ্ত জনতা ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে জোরপূর্বক মরদেহ ছিনিয়ে নিয়ে ফুলবাড়ী উপজেলায় চলে যায়।

কর্তৃপক্ষের বক্তব্য

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের অপেক্ষায় ছিলাম। কিন্তু স্থানীয় এক বিজিবি সদস্য নিহতের স্বজন পরিচয় দিয়ে মরদেহ নিয়ে যেতে চাইলে আমরা বাধা দেই। এতে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং জনতা জোরপূর্বক মরদেহ নিয়ে যায়। পুলিশ তখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।”

নাগেশ্বরী থানার এসআই মকবুল হোসেন জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। ফায়ার সার্ভিসের সামনেই উত্তেজিত জনতা মরদেহ নিয়ে গেছে। নিহতের বাড়ি ফুলবাড়ী থানায় হওয়ায় আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *