চাল বিতরণে জুতা পায়ে বস্তার ওপর দাঁড়িয়ে ছবি; সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণের সময় এক বিতর্কিত ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। চালের বস্তার ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিতর্কের সূত্রপাত হয়।
চালের ওপর জুতা পায়ে ‘সেলফি’
বুধবার (১১ মার্চ) সকালে ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদের বোর্ড অফিসে সরকারি চাল বিতরণ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে বিএনপি নামধারী হিসেবে পরিচিত গোলাম সরওয়ার মিশু জুতাপায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে চাল বিতরণ করেন এবং সেই অবস্থায় একটি সেলফি তোলেন। পরবর্তীতে ছবিটি ফেসবুকে ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
অবজ্ঞার বহিঃপ্রকাশ ও স্থানীয়দের ক্ষোভ
স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, খাদ্যসামগ্রীর মতো সংবেদনশীল ও মানবিক কর্মসূচিতে এ ধরনের আচরণ দরিদ্র মানুষের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। একজন বাসিন্দা বলেন, “চালের ওপর জুতাপায়ে দাঁড়িয়ে ছবি তোলা শুধু অনভিপ্রেতই নয়, এটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।”
দলের ভাবমূর্তি নিয়ে নেতাদের অসন্তোষ
এই ঘটনায় বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীও অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দলের নাম ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থ হাসিল বা এমন ঔদ্ধত্য দেখায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া জরুরি। মানবিক সহায়তা কার্যক্রমে মানুষের প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব।
সংশ্লিষ্ট খবর:নির্ধারিত সময় মানছেন না কর্মকর্তারা; কবিরহাটে ‘পার্টটাইম’ অফিস করার অভিযোগ
তদন্ত ও ব্যবস্থার দাবি
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।
