ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার মূল আসামীদের চার্জশিট থেকে বাদের অভিযোগ; পুনস্তদন্তের দাবিতে মানববন্ধন

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামীদের নাম চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার অভিযোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

​ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারসমূহের উদ্যোগে এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সহায়তায় আয়োজিত এ মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

ঘটনার পটভূমি ও মামলার বিবরণ

​মানববন্ধনে বক্তারা জানান, বিগত ২০২৪ সালের ৪ঠা আগস্ট স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বর হামলা চালায়। ঐ হামলায় অনেক ছাত্র ও সাধারণ মানুষ মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন। পরবর্তীতে এই ঘটনায় ঘোড়াঘাট থানায় ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৭, জি.আর-১২৯/২০২৪)।

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

​মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন

​তিনি অভিযোগ করে বলেন—

​”ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা সাব্বির এবং ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের এএসপি আ.ন.ম নিয়ামত উল্লাহ অনৈতিক সুবিধা ও যোগসাজশের মাধ্যমে হামলার মূল পরিকল্পনাকারী ও চিহ্নিত আসামীদের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন। আমরা অনতিবিলম্বে এই পাতানো চার্জশিট প্রত্যাহার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের নতুন করে চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।”

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও হুশিয়ারি

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার, দিনাজপুর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

​ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক সজীব কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ-সভাপতি আজাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অনতিবিলম্বে এই বিতর্কিত চার্জশিট সংশোধন করে নতুন তদন্তের নির্দেশ না দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *