বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণ জানাল পল্লী বিদ্যুৎ

​মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা হওয়ার সংবাদ প্রকাশের পর এর কারণ ব্যাখ্যা করেছে কুড়ি-লাল পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিস। সংস্থাটির দাবি, সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও গ্রাহক নিজ উদ্যোগে পুনঃসংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় পরবর্তী মাসগুলোর বিলের সঙ্গে অতিরিক্ত ইউনিটের বিল সমন্বয় করা হয়েছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান এক লিখিত ব্যাখ্যায় এসব তথ্য জানান।

​বকেয়া, অবৈধ পুনঃসংযোগ ও ইউনিট সমন্বয়

​ব্যাখ্যায় বলা হয়, আবাসিক গ্রাহক মো. ইউনুস আলীর হিসাব নম্বরে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৭ হাজার ১৬১ টাকা বকেয়া থাকায় গত ৩০ মার্চ তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় গ্রাহক নিজ উদ্যোগে মিটারে পুনঃসংযোগ দিয়ে একটি অটো চার্জারসহ বাড়িতে বিদ্যুৎ ব্যবহার অব্যাহত রাখেন। এতে ১৪ জুন পর্যন্ত মিটারে ১ হাজার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের রিডিং জমা হয়।

​পরবর্তীতে বিষয়টি নজরে এলে ১৪ জুন জোনাল অফিসে এসে বৈধভাবে পুনঃসংযোগ নেন ওই গ্রাহক। তাঁর অনুরোধে জমাকৃত ১ হাজার ২০ ইউনিটের বিল পরবর্তী পাঁচ মাসের বিলের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

​পরিশোধিত বিল, বকেয়া ও কর্তৃপক্ষের বক্তব্য

​সিদ্ধান্ত অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে গ্রাহক মোট ২৩ হাজার ৭৮ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ইউনিটের বিল অক্টোবর ও নভেম্বর মাসের বিলে যথাক্রমে ৯ হাজার ১৬০ টাকা ও ৮ হাজার ২৮৯ টাকা যুক্ত করা হয়েছে, যা এখনো বকেয়া রয়েছে।

​ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, প্রতিমাসে মিটার রিডিং অনুযায়ী বিল তৈরি করা হয়েছে এবং পরীক্ষা করে মিটার সচল পাওয়া গেছে। উল্লেখ্য, গত ২০ নভেম্বর ‘হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ।

Leave a Comment