সেনবাগের মেধাবী জান্নাতুলের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করবেন তারেক রহমান
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈয়াজলা গ্রামের এক অতি সাধারণ পরিবারের কৃতি সন্তান জান্নাতুল আরেফিনের উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। তবে পিতৃহীন এই মেধাবী জান্নাতুলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরা মেডিকেল কলেজে সরকারিভাবে ভর্তির সুযোগ পাওয়া জান্নাতুলের চিকিৎসা বিদ্যায় পড়াশোনার সকল খরচ ও দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মানবিক বার্তা ও উপহার নিয়ে জান্নাতুলের বাড়িতে সশরীরে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের ধানের শীষের প্রার্থী জয়নুল আবদীন ফারুক।
জান্নাতুলের সংগ্রামী পথচলা
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল আরেফিনের পিতা আবদুল ওয়াদুদ ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। এরপর মা সাহিদা আক্তারের অদম্য উৎসাহ ও অনুপ্রেরণায় তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় জান্নাতুল পড়াশোনা চালিয়ে যান। তিনি স্থানীয় গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফেনী জিয়া মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। শত বাধা ডিঙিয়ে এ বছর তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

বাড়িতে উৎসবের আমেজ
জয়নুল আবদীন ফারুক যখন তারেক রহমানের পক্ষ থেকে পড়ার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন, তখন জান্নাতুলের পরিবারে বইতে শুরু করে আনন্দের অশ্রু। জান্নাতুল আবেগাপ্লুত হয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একজন আদর্শ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় জান্নাতুলের বাড়িতে আরও উপস্থিত ছিলেন:
- সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।
- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।
- সেনবাগ পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ।
- উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, আবুল বাহার।
- পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুর নবী বাচ্চু।
- উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মেধাবীদের সঠিক মূল্যায়ন এবং তাঁদের স্বপ্ন পূরণে তারেক রহমানের এই উদ্যোগ সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।
