মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ীতে আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
খালিয়াজুড়ী উপজেলা সদরের খালিয়াজুড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন আহমদের সুষ্ঠু পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
আগামী ২ জুলাই শুরু, পরীক্ষার্থী ৪০৭ জন
সভা সূত্রে জানা গেছে, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশব্যাপী একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় খালিয়াজুড়ী উপজেলা থেকে সর্বমোট ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে কৃষ্ণপুর সরকারি কলেজের ৩১০ জন এবং খালিয়াজুড়ী কলেজের ৯৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
দুই কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সিসি ক্যামেরা নজরদারি
উপজেলায় মোট দুইটি নির্ধারিত কেন্দ্রে আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শতভাগ স্বচ্ছ ও সুন্দর রাখতে প্রতিটি কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ করা হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন জরুরি স্বাস্থ্যসেবায় একজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। তীব্র গরমের কথা বিবেচনা করে কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও লাইটের পাশাপাশি সার্বিক স্বচ্ছতা নিশ্চিতে পুরো কেন্দ্র সিসি (CC) ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে সভায় অবগত করা হয়।
কেন্দ্র সচিব ও হল সুপারদের তালিকা
সভায় দুই কেন্দ্রের পরীক্ষা কমিটির দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়:
- কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্র: এই কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আমিরুল ইসলাম (পলাশ) এবং হল সুপার হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কায়েস আজাদ।
- খালিয়াজুড়ী কলেজ কেন্দ্র: এই কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মন্তোষ চন্দ্র বর্মন।
অনিয়ম ও অবহেলা বরদাস্ত করা হবে না
পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি বা গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি অলিদুজ্জামান বলেন—
“সম্পূর্ণ সরকারি বিধি মোতাবেক এবং যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষা গ্রহণ ও ডিউটি পালনে কোনো রকম অনিয়ম, অবহেলা অথবা ত্রুটি-বিচ্যুতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি কেন্দ্রকে সম্পূর্ণ অনৈতিকতা মুক্ত রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।”
তিনি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে, উপস্থিত পরীক্ষা কমিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।