সাংবাদিক নাদিমকে ফাঁসানো সেই ওসি ইমারত গাজী দেশ ছাড়ছেন? শ্যালকের তথ্যে তোলপাড়! পর্ব-০৩
স্টাফ রিপোর্টার

২০১৬ সালে সাংবাদিক নাদিমের বিরুদ্ধে ‘গ্যাসের চুলা’ দিয়ে অস্ত্র মামলা সাজানোর ঘটনায় অভিযুক্ত তৎকালীন ডিবি ওসি ইমারত হোসেন গাজী দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাফিউস সুলতান রোহান-এর সাথে এক ফোনালাপে ওসির শ্যালক (নাম প্রকাশে অনিচ্ছুক) এই চাঞ্চল্যকর তথ্য দেন।
অপারেশন ও ‘মেমোরি লস’ নাটক
সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে দেখা যায়, ছাত্রনেতা রোহানের প্রশ্নের মুখে ওসি ইমারত গাজী প্রথমে অপারেশনের কথা স্বীকার করলেও মুহূর্তেই তা অস্বীকার করেন। একপর্যায়ে তিনি দাবি করেন, “এত আগের ঘটনা আমার মনে নেই,” এবং সিআইডি রিপোর্ট বা জব্দকৃত আলামত সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেন। অথচ তিনিই তখন ওসির দায়িত্বে ছিলেন। তোপের মুখে তিনি স্বীকার করতে বাধ্য হন যে, সাংবাদিক নাদিমের বিরুদ্ধে সেটি ছিল একটি ‘ষড়যন্ত্র’।
সম্পদ বিক্রি করে দেশত্যাগের পায়তারা
নাফিউস সুলতান রোহান জানান, ওসির আপন শ্যালক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে সতর্ক করেছেন। ওই ব্যক্তির দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ওসি ইমারত গাজী শত শত কোটি টাকার ভূ-সম্পত্তি ও ফ্লাট গড়েছেন। বর্তমানে তিনি অতি সস্তায় সেসব সম্পত্তি বিক্রি করে গোপনে দেশের বাইরে পাড়ি জমানোর চেষ্টা করছেন। ওই ব্যক্তি আরও জানান, কারো সাথে ওসির কোনো আর্থিক লেনদেন থাকলে যেন দ্রুত যোগাযোগ করেন।
গ্যাসের চুলা যখন ‘অস্ত্র’
উল্লেখ্য, ২০১৬ সালে সাংবাদিক নাদিমের বাসা থেকে একটি পুরনো গ্যাসের চুলা ও ভাঙা পাইপ উদ্ধার করে সেটাকে ‘অস্ত্র’ হিসেবে দেখিয়ে মামলা দেওয়া হয়। সিআইডির ব্যালেস্টিক রিপোর্টেও অস্ত্রের প্রমাণ মেলেনি। ছাত্রনেতা রোহান বলেন, “রাষ্ট্রের দায়বদ্ধতা থেকে একজন পুলিশ কর্মকর্তা এভাবে পালাতে পারেন না। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”
