মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ বিজয় কুমার (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫০ মিনিটে উপজেলার বালাটারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক বিজয় কুমার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের বাসিন্দা।
অভিযান ও জব্দের বিবরণ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বালারহাট বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বালাটারী এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন বিজয় কুমারকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ভারতীয় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
ঘটনার সঙ্গে জড়িত মাদক চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।