শেখ হাসিনা-কামালকে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পৃথক দুই অভিযোগে মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যে অভিযোগে এ দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, সে রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ এ আবেদন জমা দেবে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।
সাজার পরিবর্তন চেয়ে আপিল
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সাজা দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, প্রসিকিউশন রায় সংগ্রহ করেছে। তাতে দেখা গেছে, একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। আরেকটি অভিযোগে এই দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, তাই প্রসিকিউশন সিদ্ধান্ত নিয়েছে, যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল বিভাগে আপিল করা হবে। এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করার আবেদন করা হবে।
আইন ও সময়সীমা
প্রসিকিউটর জানান, ৩০ দিনের মধ্যে আপিল করা হবে। ট্রাইব্যুনাল আইনের ২১ নম্বর ধারার ৩ উপধারায় বলা হয়েছে, দণ্ড ও সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। ১৭ ডিসেম্বর রায়ের ৩০ দিন পূর্ণ হবে।
একই ধারার ৪ উপধারায় বলা হয়েছে, আপিল করার তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
