মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অতিরিক্ত তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জামালপুরের মাদারগঞ্জে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম বালি বেগম। তিনি উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।

গতকাল মঙ্গলবার (৩ জুন ২০২৬) দুপুর ১টার দিকে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

মাঠেই লুটিয়ে পড়েন বালি বেগম

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে উপজেলা জুড়ে প্রচণ্ড গরমে ও তীব্র তাদপাহে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তীব্র রোদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই প্রখর রোদের তীব্রতা উপেক্ষা করেই বালি বেগম দুপুরের দিকে বাড়ির পাশে ধানের খড় নাড়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অতিরিক্ত গরমে মাথা ঘুরে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ও প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তাঁর মৃত্যু হয়।

স্বজন ও স্থানীয়দের বক্তব্য

মায়ের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সন্তান। নিহতের স্বজন রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“তীব্র গরমের কারণেই আমার মা স্ট্রোক করে মারা গেছেন। সকালে উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, দুপুরে কাজ করতে গিয়ে এই অবস্থা হলো। আমরা আর তাঁকে বাঁচাতে পারলাম না।”

এদিকে ৫নং জোড়খালী এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, “এ কয়েকদিনে রোদের তাপ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাঠে কাজ করা কৃষক ও দিনমজুরদের জন্য এই রোদ সহ্য করা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা কৃষি কাজ করা কৃষক-শ্রমিকদের এই তীব্র রোদ এড়িয়ে সকাল-বিকাল দেখে কাজ করার পরামর্শ দিচ্ছি।”

দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত রোদ এড়ানোর পরামর্শ চিকিৎসকদের

তীব্র গরমে সুস্থ থাকার বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন,

“প্রচণ্ড গরমে শরীরে পানিশূন্যতা তৈরি হয়ে হিটস্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তীব্র রোদ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এই সময়ে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়। পাশাপাশি প্রচুর পরিমাণে নিরাপদ পানি, লেবুর শরবত ও খাওয়ার স্যালাইন গ্রহণ করতে হবে। কাজের মাঝে কিছুটা ক্লান্ত বা অসুস্থ বোধ করলেই দ্রুত ছায়াযুক্ত স্থানে গিয়ে বিশ্রাম নিতে হবে।”

তীব্র গরমে খড় নাড়ার কাজ করতে গিয়ে এই নারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় কুকুরমারী গ্রামসহ জোড়খালী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *