আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এবং কড়ইচড়া ইউনিয়নের সীমান্তবর্তী ভেলামারী এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রীজ দীর্ঘ ৮ বছর যাবৎ অকেজো ও জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। এর ফলে চরম যাতায়াত ভোগান্তিতে পড়েছেন ৪টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। এই দীর্ঘস্থায়ী ভোগান্তির অবসান ঘটিয়ে অবিলম্বে নতুন ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে গতকাল বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে স্থানীয় শত শত সর্বস্তরের মানুষ ব্রীজের ওপর দাঁড়িয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৪ গ্রামের ২০ হাজার মানুষের চরম ভোগান্তি
স্থানীয় সূত্রে জানা যায়, ভেলামারী খালের ওপর নির্মিত এই ব্রীজটি অকেজো হয়ে থাকায় ভেলামারী, মৃধাপাড়া, গুনারীতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকরা সময়মতো তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। দীর্ঘ ৮ বছর ধরে এলাকাবাসী কেবল মৌখিক আশ্বাস পেলেও ব্রীজটি পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তাদের ক্ষোভ ও জোর দাবী
ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে আয়োজিত এই মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন কয়েক এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আঃ বারী মাস্টার, আরিফ মাস্টার, হাফেজ মাওলানা নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন:
“একটি ব্রীজের অভাবে আমাদের ৪টি গ্রামের হাজার হাজার মানুষের জীবন থমকে আছে। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা কাঁদামাটিতে একাকার হয়ে যায়, যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। আমরা আর কত বছর এই নরকযন্ত্রণা ভোগ করব? আমরা আমাদের অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাবুল এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি, যেন দ্রুত এখানে একটি নতুন টেকসই ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হয়।”
প্রশাসনের প্রতি আকুল আবেদন
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, দেশের চারদিকে এত উন্নয়ন হলেও মাদারগঞ্জের এই সীমান্তবর্তী ভেলামারী অঞ্চলটি এখনো চরম অবহেলিত। তারা আশা প্রকাশ করেন, জনস্বার্থে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রকৌশল বিভাগ (LGED) দ্রুত এই গণদাবীর প্রতি সম্মান জানিয়ে চলতি অর্থবৎসরেই ব্রীজ ও রাস্তা নির্মাণের সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করবেন।