পাকিস্তান না ছাড়তে খেলোয়াড়দের কড়া বার্তা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

খেলা ডেস্ক

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন শ্রীলঙ্কার খেলোয়াড়েরা।এএফপি

ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর ছেড়ে দেশে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানিয়েছে, কেউ নির্দেশ অমান্য করে দেশে ফিরে গেলে তাঁর কর্মকাণ্ড মূল্যায়নে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।

গত মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা এই শহরেই অবস্থান করছেন। আত্মঘাতী বোমা হামলার পর শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

বোর্ডের কঠোর অবস্থান ও হুঁশিয়ারি

এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন—বার্তা সংস্থা এএফপিকে এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা এ তথ্য দিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। পূর্বের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এসএলসি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং সফর চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়:

“যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যে পাকিস্তান ৬ রানে জিতেছে। এই সিরিজ শেষে পাকিস্তানে স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজও খেলার কথা শ্রীলঙ্কার।

চলতি ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৬ রানে জেতে পাকিস্তান।
এএফপি

পিসিবি’র তৎপরতা

এসএলসি-এর পক্ষ থেকে বলা হয়, ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে তাঁদের আশ্বস্ত করেছে যে, পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দলের প্রতিটি সদস্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএসপিএনক্রিকইনফো প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁদের সফর অব্যাহত রাখার আহ্বান জানাবেন এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করবেন। এর আগে নাকভি পাকিস্তানে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। পরে শ্রীলঙ্কাই প্রথম দেশ হিসেবে আবার পাকিস্তান সফরে গিয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *