ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় বেড়াতে গিয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু; বাবা গুরুতর আহত
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বেড়াতে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন—
- মোছাঃ সম্পা বেগম (৩৫) — গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম মিয়ার স্ত্রী।
- নুসাইফা আক্তার (১২) — সেলিম মিয়া ও সম্পা বেগম দম্পতির কন্যা।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম মিয়া মারাত্মক আহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সম্পা বেগম ঘোড়াঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার মৃত আশরাফ মিয়ার মেয়ে এবং ঘোড়াঘাট পুরাতন বাজারের চা-পান ব্যবসায়ী মুক্তার হোসেনের আপন বোন।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ থেকে সেলিম মিয়া তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘোড়াঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে জমিলাপুর এলাকায় লোকাল সড়ক থেকে দিনাজপুরগামী প্রধান মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার চোটে ৩ জনই মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মা সম্পা বেগম ও মেয়ে নুসাইফার মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত সেলিম মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়ের সুরতহাল সম্পন্ন ও মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
