ফুলবাড়ী ও নাগেশ্বরীতে বিজিবির রাত্রিকালীন অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৪৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০১ বোতল ইস্কাপ সিরাপ এবং ৬ কেজি গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২০ আগস্ট) রাত থেকে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত পর্যন্ত সীমান্ত এলাকায় পর পর তিনটি অভিযান চালানো হয়।

​সীমান্তের ৩ পয়েন্টে বিজিবির অভিযান

​বিজিবি সূত্রে জানা গেছে, ২০ আগস্ট রাত ৮টা ৫৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৪০ মিনিটে রামখানা বিওপির পশ্চিম রামখানা এবং ২১ আগস্ট রাত ১টা ৫৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী সীমান্তে পৃথক দুটি অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা সঙ্গে থাকা মালামাল ও মাদকের পোটলা ফেলে রাতের আঁধারে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

​জব্দকৃত মাদকের আর্থিক মূল্য

​বিজিবি সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত ৪৯৪ পিস ভারতীয় ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৮ হাজার ২০০ টাকা, ২০১ বোতল ইস্কাপ সিরাপের মূল্য ৮০ হাজার ৪০০ টাকা এবং ৬ কেজি গাঁজার মূল্য ২২ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মোট মূল্য ২ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান—

​”দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Comment