নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগাদিয়া এলাকার খেপা ঘাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও হতাহতের বিবরণ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগাদিয়া গ্রামের আব্দুস সোবহানের নতুন বাড়ির সুমি বেগম (৩২) রাস্তা পারাপারের সময় দুইজন আরোহীসহ একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
এ সময় মোটরসাইকেলে আরোহিত বারাহিপুর গ্রামের নজু মিয়া চৌধুরী বাড়ির মাহমুদুল হাসান শোহেব (২২) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. ফাহিম (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে।
আহত সুমি বেগমকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশের পদক্ষেপ
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতোমধ্যে নিহত দুইজনের লাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
