ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের অভিযান: দেড় লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে দেড় লাখ টাকা আনুমানিক মূল্যের ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় ডিবির এসআই রাজীব তালুকদার ও তাঁর সঙ্গীয় ফোর্স এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান ও গ্রেপ্তারকৃতদের পরিচয়
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং এর সাথে সরাসরি জড়িত দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ আবু সাইদ (৩৫) — পিতা: মোঃ ইউনুছ আলী, সাং- দরিকাঠাল, থানা: ত্রিশাল; বর্তমান ঠিকানা: জামিরদিয়া মাস্টারবাড়ী (মায়ের মসজিদ এলাকা), থানা: ভালুকা, ময়মনসিংহ।
২. মোঃ আলমাছ (২৬) — পিতা: আঃ মতিন, সাং- কুষ্টিয়া, থানা: ত্রিশাল; বর্তমান ঠিকানা: জামিরদিয়া মাস্টারবাড়ী, থানা: ভালুকা, ময়মনসিংহ।
আইনগত ব্যবস্থা
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় সংঘবদ্ধভাবে মাদক কারবার চালিয়ে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
