ফুলবাড়ীতে সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

​গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও নদী-নালা বেষ্টিত এলাকায় টানা এই অভিযান পরিচালনা করা হয়।

খরিবাড়ি বাজার ও বিলে অভিযান

​উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার খরিবাড়ি বাজারের চারটি দোকান তল্লাশি করে ৫৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

​একই সময়ে খরিবাড়ি মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ কেজি ক্ষতিকর নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত পিরানহা মাছগুলো স্থানীয় হেলিপ্যাড এতিমখানায় দান করা হয়।

​পরবর্তী ধাপে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছড়ারপার, রাঙ্গামাটি ও খোচাবাড়ি এলাকার বিল ও জলাশয়ে অভিযান চালায়। সেখানে মাছ ধরার উদ্দেশ্যে পাতানো আরও ৬০টি অত্যন্ত ক্ষতিকর চায়না দুয়ারী জাল এবং ৫ পিস কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা প্রাঙ্গণে জাল ধ্বংস

​অভিযান শেষে উদ্ধারকৃত সর্বমোট ৬০টি চায়না দুয়ারী এবং ৬০ পিস কারেন্ট জাল ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় এবং উপস্থিত সকলের সামনে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা উপ-প্রকৌশলী হাসান আলী এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার

​উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, ছোট-বড় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার রোধে তাদের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *