মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও নদী-নালা বেষ্টিত এলাকায় টানা এই অভিযান পরিচালনা করা হয়।
খরিবাড়ি বাজার ও বিলে অভিযান
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার খরিবাড়ি বাজারের চারটি দোকান তল্লাশি করে ৫৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে খরিবাড়ি মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ কেজি ক্ষতিকর নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত পিরানহা মাছগুলো স্থানীয় হেলিপ্যাড এতিমখানায় দান করা হয়।

পরবর্তী ধাপে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছড়ারপার, রাঙ্গামাটি ও খোচাবাড়ি এলাকার বিল ও জলাশয়ে অভিযান চালায়। সেখানে মাছ ধরার উদ্দেশ্যে পাতানো আরও ৬০টি অত্যন্ত ক্ষতিকর চায়না দুয়ারী জাল এবং ৫ পিস কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা প্রাঙ্গণে জাল ধ্বংস
অভিযান শেষে উদ্ধারকৃত সর্বমোট ৬০টি চায়না দুয়ারী এবং ৬০ পিস কারেন্ট জাল ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় এবং উপস্থিত সকলের সামনে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা উপ-প্রকৌশলী হাসান আলী এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, ছোট-বড় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার রোধে তাদের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।