ঘোড়াঘাটে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার: উদ্ধার করা হয়েছে পিকআপ ও নগদ টাকা

মোঃ শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা কাউসার ইসলামসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ উপলক্ষে সোমবার (৪ মে ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিং ও অভিযানের বিস্তারিত

প্রেস ব্রিফিংয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ। তিনি জানান, সম্প্রতি ঘোড়াঘাটে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সফল অভিযান পরিচালনা করে।

গত ২ মে নূরপুর গ্রাম নিবাসী মাহাবুবুল আলমের বাড়ি থেকে গাভী চুরির ঘটনায় দায়েরকৃত মামলার (মামলা নং ০৩/০৫/২০২৬ ইং) প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামী

অভিযানকালে পুলিশ অপরাধকাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান (বগুড়া ন-১১-১৮৩১) এবং চুরিকৃত গরু বিক্রির নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ৫ সদস্য হলেন: ১. কাওসার ইসলাম (৩০): ডাকাত দলের মূল হোতা, পিতা- সাইফুল ইসলাম। ২. মাহমুদুল হাসান মুন্না (২৮): পিতা- মোঃ সাইদুর রহমান। ৩. মোঃ সুভেল মিয়া (৩০): পিতা- মৃত জাহিদ মোল্লা। ৪. আল রাাহিদ আপন (২৫): পিতা- মোঃ আলমগীর হোসেন। ৫. মোঃ ফাহিম ইসলাম (২৫): পিতা- মোঃ ফারুক ইসলাম।

গ্রেফতারকৃতদের বাড়ি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন গ্রামে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের জিরো টলারেন্স নীতি

সহকারী পুলিশ সুপার জানান, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ছিনতাই, ডাকাতি ও রাহাজানি বন্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *