সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে ১৪ ডিসেম্বর দিনব্যাপী ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের উপকণ্ঠে সরকারি কলেজ রোড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে প্রথমবারের মতো বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’ নামে এই মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাত আটটার সময় আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে সেনবাগের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের ব্রিফিং করেন আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম।

মতবিনিময় চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম জানান, অতীতে এই মাদ্রাসার পক্ষ থেকে বৃক্ষ মেলা, পিঠা উৎসব, ইসলামী সঙ্গীত পরিবেশনা এবং ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হলেও এবারই প্রথমবারের মতো ইসলামী শিক্ষা ও বইমেলার আয়োজন করা হচ্ছে। এ মেলায় বিভিন্ন ধরনের মোট ৩০টি স্টল স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই মেলা মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, আত্মীয়-স্বজন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
