ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ভোটার ও প্রার্থীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটি পুরো দেশের ভোটারদের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে।

একজন প্রার্থীর ওপর হামলার খবর সাধারণ ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষ মনে করেন, এই ঘটনা ভোটারদের মনে অস্থিরতা তৈরি করে এবং ভোটের দিন অংশগ্রহণ কমিয়ে দিতে পারে। তাদের মনে প্রশ্ন জাগে—ভোটকেন্দ্রে কি সশস্ত্র বা সংঘাতমুখী লোকজন অবস্থান করবে? প্রতিশোধমূলক সহিংসতা বা উত্তেজনা কি আরও বাড়বে?

নির্বাচনী কেন্দ্রে শঙ্কা

এ ঘটনার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে আতঙ্ক বৃদ্ধি, দলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা, ঝুঁকি বিবেচনায় অনেক নারী, প্রবীণ ও সাধারণ ভীত-সন্ত্রস্ত নাগরিক ভোটকেন্দ্রে যেতে দ্বিধাগ্রস্ত হতে পারেন। একই সঙ্গে কেন্দ্র নিয়ন্ত্রণে আগ্রাসী গোষ্ঠীর সক্রিয়তার সম্ভাবনাও বেড়ে যায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়াটাও স্বাভাবিক।

নিরাপত্তা জোরদারের দাবি

এমন পরিস্থিতিতে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত রাখতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও র‍্যাবের বাড়তি মোতায়েন, প্রার্থী ও সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রের ভেতর-বাইরে কড়া নজরদারি, সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ—এই পদক্ষেপগুলো দ্রুত নিতে হবে।

নির্বাচন কমিশন চাইলে বিশেষ নিরাপত্তা জোন ঘোষণা করতে পারে এবং প্রতিটি ভোট কেন্দ্রকে সহিংসতা মুক্ত রাখতে কড়া নির্দেশনা প্রদান করতে পারে। কারণ জনগণ একটি নিরাপদ, ভীতিমুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

প্রার্থী বা সাধারণ মানুষ কাউকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি সহিংস ঘটনার প্রভাব যেন পুরো নির্বাচনী পরিবেশকে নষ্ট না করে, সে জন্য এখনই দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *