সন্ত্রাস বিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার, আজ আদালতে তোলা হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাঁকে আদালতে তোলা হবে। বেলা ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ। বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন—মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একসঙ্গেই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের মূল বক্তব্য
লিখিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।
এতে আরও বলা হয়, বিবাদীরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রপাগাণ্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনবার্সনের পাঁয়তারা করছে। বিবাদীদের এসব পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি এবং অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।
ডিবি হেফাজতে ছিলেন আনিস আলমগীর
এর আগে, গতকাল রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছিল সাংবাদিক আনিস আলমগীরকে। রোববার রাত ৮টার কিছু আগে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি সদস্যরা তাঁকে তাদের কার্যালয়ে নিয়ে যান।
এদিকে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরদিন ৭ ফেব্রুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছিল।
