স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য বন্ধ মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই নতুন সময়সূচি জানানো হয়েছে।
টানা পাঁচ দিনের ছুটির হিসাব
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) শারদীয় দুর্গাপূজার সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা। এই ছুটির পরিবর্তে ক্ষতিপূরণ হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হবে।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সাধারণ ছুটি ঘোষণা
মন্ত্রিপরিষদ বৈঠকে শারদীয় দুর্গাপূজার ছুটির পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। সরকারের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপিত সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে এই ছুটি নিশ্চিত করা হলো।