সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা ৪টি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি।
গত রোববার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী মন্ডল (পিতা: ভুঁইয়া মন্ডল) জানান, ওই রাতে হঠাৎ তার বাড়ির গোয়ালঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে তার আগেই গোয়ালঘরে থাকা ৪টি গরু সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে মারা যায়। এ ছাড়া আগুনে পাশে থাকা আরও দুটি গরু মারাত্মকভাবে ঝলসে যায়, যা বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে স্থানীয়দের প্রচেষ্টায় একই গোয়ালঘর থেকে অক্ষত অবস্থায় ৪টি ভেড়াকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে কৃষক নদর আলীর প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক পরিবারটি।