রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে কৃষককে গুলি করে হত্যা; আহত ৫

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় নিজ বাড়িতে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

​গতকাল রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চলভিত্তিক চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত মোমেন মিয়া (৬০) সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থক ছিলেন। আহতদের মধ্যে একই গ্রামের সরকারবাড়ির শহীদ মিয়ার ছেলে মো. নাজমুল হোসেন (৩০)-এর পরিচয় জানা গেছে।

পূর্ব বিরোধ ও হামলার বিবরণ

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার ও রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মোমেন সরকারের সমর্থক এবং সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও ফরিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলে আসছিল।

​এরই জেরে রোববার সকালে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও ফরিদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল অগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান সমর্থক মোমেন মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ি ঘেরাও করে মোমেন মিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে চটজলদি স্থান ত্যাগ করে। এতে মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রক্তাপ্লুত হয়ে পড়েন মোমেন মিয়া। হামলা রোধ করতে গিয়ে নাজমুলসহ আরও ৫ জন আহত হন।

হাসপাতালে মৃত ঘোষণা ও এলাকায় পুলিশ মোতায়েন

​হামলার পরপরই স্বজনেরা ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান—

​”প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধ ও চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজনের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

​এ মর্মান্তিক ঘটনার পর থেকে সদাগরকান্দি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *