রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার উদ্যোগে ৭ম ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠে এ সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব ও প্রধান অতিথি
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান। তিনি কাব স্কাউটদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বিশেষ অতিথি ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান, ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. নজরুল ইসলাম, এলটিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা শেষে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।