শেখ মেহেদী হাসান নাদিম

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাতায় চোখ রাখতেই বুকের ভেতর এক অজানা শঙ্কা জমে ওঠে। নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান কিংবা রয়টার্সের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির খবর যখন আন্তর্জাতিক পাঠকের সামনে আসে, তখন প্রশ্ন জাগে—বিশ্বের চোখে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি?
একটি রাষ্ট্রের পরিচয় শুধু তার পতাকা, মানচিত্র কিংবা রাজনৈতিক নেতৃত্বে সীমাবদ্ধ নয়। তার প্রকৃত পরিচয় নির্ধারিত হয় নাগরিকের নিরাপত্তা, আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সার্বভৌমত্ব রক্ষার সামর্থ্যে। অথচ আমাদের দেশে যখন রাজনৈতিক বিরোধের আগুনে সাধারণ মানুষের জীবন পুড়ে যায়, তখন রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা অনিবার্য।
পিরোজপুরে অগ্নিসংযোগে ঘুমন্ত বাসসহকারী সিয়ামের মৃত্যুর মতো ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাজনৈতিক সহিংসতার সবচেয়ে নির্মম শিকার প্রায়ই নিরীহ মানুষ। যে মানুষটি দিনশেষে সামান্য উপার্জন নিয়ে পরিবারের কাছে ফিরতে চেয়েছিলেন, তাঁর জীবন আগুনে শেষ হয়ে গেল। তাঁর পরিবারের কাছে কোনো রাজনৈতিক বিজয় কি এই শূন্যতা পূরণ করতে পারবে?

এখানেই রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন—নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব কার? অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার বিচার কি সমানভাবে নিশ্চিত হচ্ছে? সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবনের অধিকার নিশ্চিত করেছে। এই অধিকার বাস্তবে প্রতিষ্ঠা করাই রাষ্ট্রের দায়িত্ব।
নাগরিকের নিরাপত্তা ও রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ
বাংলাদেশের অভ্যন্তরে প্রতিনিয়ত মানুষ হত্যা, সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঘটনা যখন উদ্বেগ বাড়াচ্ছে, তখন আরেকটি বাস্তবতা আমাদের বিবেককে নাড়া দেয়। মানবিক কারণে আশ্রয় দেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার জীবনও শরণার্থীশিবিরে হত্যা, অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ নয়।

মিয়ানমারে নিজভূমি থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই মানুষগুলোর ভবিষ্যৎ আজও অনিশ্চিত। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র বিশ্বকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। বাংলাদেশ আশ্রয় দিয়েছে, কিন্তু নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশ এখনো তৈরি হয়নি। শরণার্থীদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দায় শুধু বাংলাদেশের একার হতে পারে না; মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনা এবং কার্যকর আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।
এখানে আমাদের শঙ্কা আরও গভীর। একদিকে নিজের নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে আশ্রয় নেওয়া বিপন্ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্ব। দুটি বাস্তবতা এক নয়, কিন্তু উভয় ক্ষেত্রেই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহি ও মানবিক দায়িত্বের প্রশ্ন সামনে আসে।

ক্ষমতার লড়াইয়ে রাষ্ট্র যেন পরাজিত না হয়
রাজনীতি থাকবে, মতপার্থক্য থাকবে, সরকার ও বিরোধী দল থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমতের সহাবস্থান। কিন্তু ক্ষমতার লালসা, রাজনৈতিক প্রতিহিংসা ও অন্ধ দলীয় আনুগত্য যখন মানুষের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে, তখন রাষ্ট্রের ভিত্তিই দুর্বল হতে শুরু করে।
যাঁরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, তাঁদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাঁরা ক্ষমতার বাইরে রয়েছেন, তাঁদেরও রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে। কোনো পক্ষের অন্যায়কে রাজনৈতিক পরিচয়ের আড়ালে বৈধতা দেওয়া যায় না। অপরাধীর পরিচয় নয়, অপরাধের বিচারই হতে হবে রাষ্ট্রের নীতি।
কারণ, রাষ্ট্রের নিরাপত্তা শুধু সীমান্ত পাহারা দেওয়ার নাম নয়। এটি নাগরিকের জীবন রক্ষা, প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বাধীনভাবে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার সমন্বিত রূপ।
আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বৈশ্বিক আয়নায় বাংলাদেশের যে চিত্র ফুটে উঠছে, তা আমাদের জন্য আত্মসমালোচনার সুযোগও বটে। বিশ্ব কী ভাবছে, শুধু সেটিই বড় প্রশ্ন নয়; তার চেয়েও বড় প্রশ্ন—আমরা নিজেদের দেশকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি?
একটি বাসের আগুনে একজন শ্রমিকের মৃত্যু, একটি শরণার্থীশিবিরে একজন মানুষের নিরাপত্তাহীনতা কিংবা রাজনৈতিক সংঘাতে একজন নাগরিকের প্রাণহানি—কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। প্রতিটি জীবন রাষ্ট্রের কাছে সমান মূল্যবান।
আমরা কোনো দলের পরাজয় চাই না, চাই অন্যায়ের পরাজয়। কোনো রাজনৈতিক শক্তির ধ্বংস চাই না, চাই সহিংসতার অবসান। ক্ষমতার পরিবর্তন গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া; কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব ও নাগরিকের নিরাপত্তা নিয়ে কোনো আপস হতে পারে না।
আজকের সবচেয়ে বড় শঙ্কা তাই কেবল আন্তর্জাতিক সংবাদে বাংলাদেশের নেতিবাচক উপস্থিতি নয়; শঙ্কা হলো, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কাছে আমরা আমাদের নিরাপদ রাষ্ট্রের স্বপ্নটিই হারিয়ে ফেলছি কি না।
দল যার যার, মত যার যার—বাংলাদেশ আমাদের সবার।