‘তাদের ইচ্ছামতো রিপোর্ট দেবে কি না বলো’ আদালতের ডা. রাজিবের জবানবন্দিতে CT SB SP আবু বকর সিদ্দিকের উক্তি

বিশেষ অনুসন্ধানী ধারাবাহিক: ৩য় পর্ব

শেখ মেহেদী হাসান নাদিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর ৩ নম্বর সাক্ষী ডা. মো. রাজিবুল ইসলামের জেরা ও শপথবদ্ধ জবানবন্দির নথিতেই উঠে এসেছে সেদিনের সেই রোমহর্ষক সংলাপ। কক্ষের দরজার বাইরে তখন অপেক্ষায় ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের এসি আরিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর ভেতরে উপাধ্যক্ষ ডা. মাহফুজুর রহমান, আওয়ামী লীগপন্থী চিকিৎসক নেতা ডা. চন্দন ও উপপুলিশ কমিশনার (ক্রাইম) মারুফের সঙ্গে বসে ছিলেন তৎকালীন নগর গোয়েন্দা শাখার (সিটি এসবি) প্রধান এসপি ‘সিদ্দিক’। জবানবন্দিতে ডা. রাজিবুল স্পষ্ট উল্লেখ করেছেন, সেদিন ডিসি মারুফ তাঁকে বলেছিলেন, “তোমার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে।” আর সিটি এসবির এসপি সিদ্দিক সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন— “বলো, তাদের ইচ্ছামতো রিপোর্ট দেবে কি না?”

ডা. রাজিব এর দাখিল কৃত জবানবন্দির ১২ নম্বর পৃষ্ঠার ছবি

এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে যায়, সেদিন ওই কক্ষের ভেতরে পুলিশের আসল কমান্ড ও কর্তৃত্ব কার হাতে ছিল। দাপ্তরিক নথি অনুযায়ী, ২১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক ২০২৩ সালের নভেম্বরেই অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন; ফলে ব্যাচের জ্যেষ্ঠতা ও র‍্যাংক—উভয় দিক থেকেই তিনি ছিলেন ডিসি মারুফের চেয়ে ওপরে এবং ওই কক্ষের সবচেয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

ডা. রাজিবের সম্পূর্ণ জবানবন্দি দেখতে এই কোড স্ক্যান করুন

অথচ কী অপূর্ব এক বিচারিক বৈপরীত্য! আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে ঘোষিত রায়ে ওই একই কক্ষে বসে থাকা ডিসি মো. আবু মারুফ হোসেন এবং চিকিৎসক নেতা ডা. সারোয়ার হোসেন চন্দনের ৫ বছর করে কারাদণ্ড হলো; ময়নাতদন্ত প্রতিবেদন ফিরিয়ে দেওয়া তাজহাট থানার ওসি রবিউল ইসলাম ও এসআই বিভূতি ভূষণ রায়ের যাবজ্জীবন হলো; এমনকি উপাধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানকেও পরবর্তীতে ওএসডি হতে হলো। কিন্তু যিনি সরাসরি জানতে চেয়েছিলেন “তাদের ইচ্ছামতো রিপোর্ট দেবে কি না”, সেই ২১তম বিসিএসের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক ৩০ আসামির তালিকাতেই থাকলেন না—বরং ময়মনসিংহে এসে দাবি করলেন, তিনিই নাকি এই মামলার ‘১৬ নম্বর সাক্ষী’!

এবার আদালতের নথির পাতা উল্টে দেখা যাক, ট্রাইব্যুনাল-২-এর ১৬ নম্বর সাক্ষী ‘মো. আবু বকর সিদ্দিক’ আসলে কে। ২০২৫ সালের ১৩ ও ১৬ নভেম্বর ট্রাইব্যুনালে ১৬ নম্বর সাক্ষী হিসেবে যিনি জবানবন্দি দিয়েছেন, আদালতের নথিতে তাঁর পূর্ণাঙ্গ পরিচয় লিপিবদ্ধ আছে এভাবে—নায়েক-১৫৬ মো. আবু বকর সিদ্দিক, বয়স ৩৯ বছর, পিতা আহম্মদ আলী, মাতা আক্তার বানু, স্থায়ী ঠিকানা বগুড়া জেলা এবং তিনি ২০০৫ সালের ২৭ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৬ জুলাই সকালে তিনি পার্ক মোড়ে একজন সশস্ত্র এসআইয়ের সাথে গ্যাসগান নিয়ে ডিউটিতে ছিলেন এবং পাঁচটি গ্যাস শেল নিক্ষেপ করেছিলেন।

অর্থাৎ যিনি আদালতের ১৬ নম্বর সাক্ষী, তিনি ২০০৫ সালে কনস্টেবল-পর্যায়ে যোগ দেওয়া ৩৯ বছর বয়সী এক সাধারণ পুলিশ নায়েক। অন্যদিকে আমাদের ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক ২১তম বিসিএসের একজন জ্যেষ্ঠ ক্যাডার কর্মকর্তা! তবুও তিনি ১১ই নভেম্বর ছাত্রনেতা ও সাংবাদিকের ক্যামেরার সামনে বললেন, “আজ বাদে কালই যাচ্ছি এই হত্যা মামলায় সাক্ষী দিতে”—আর ঠিক দুই দিন পরই কাঠগড়ায় উঠলেন সেই নায়েক-১৫৬!

একজন সাধারণ নায়েকের সাক্ষ্যের তারিখের সাথে একজন অতিরিক্ত ডিআইজির “আজ বাদে কালই সাক্ষী দিতে যাচ্ছি” বলার এমন অদ্ভুত কাকতালীয় মিল কীভাবে ঘটল? আর ৫ আগস্টের পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েও তিনি কেন ১১ পাতার তদন্ত প্রতিবেদনে ছাত্র-জনতার ওপর পুলিশের ৬১ রাউন্ড গুলিবর্ষণকে “যুক্তিসংগত” বলে রায় দিলেন? সেই নেপথ্য গল্প ও পুলিশ সদর দপ্তরের তদন্তের রহস্য নিয়ে চোখ রাখুন পরবর্তী পর্বে…

Leave a Comment