ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপির শ্রদ্ধানিবেদন ও দোয়া অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটি।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর ঢাকা বাইপাস মোড়ে জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম এবং সদস্য সচিব মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে তাঁদের দল বদ্ধপরিকর। শহীদদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে।
দোয়া ও মোনাজাত
শ্রদ্ধা নিবেদন শেষে ২০২৪ সালের আন্দোলন চলাকালে ময়মনসিংহে প্রথম শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগরসহ সকল জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম। অনুষ্ঠানে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
