বিদায় কোম্পানীগঞ্জের আলোকবর্তিকা মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রহ.)
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন এবং বসুরহাট উত্তর (আশরাফুল উলুম) মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে ২০২৬) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
জন্ম ও মৃত্যুর এক অনন্য সংযোগ
মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রহ.) ১৯৩৮ সালের ৫ মে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের একই দিনে অর্থাৎ তাঁর ৮৮তম জন্মদিনেই জীবনের পরিসমাপ্তি ঘটে। এই বিরল সমাপতন তাঁর জীবনকে এক অনন্য তাৎপর্য দিয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা
মরহুম মোস্তফা সূফি (রহ.) প্রায় ৫৮ বছর ধরে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি তাঁর নানা প্রখ্যাত আলেম মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে এই গুরুদায়িত্ব গ্রহণ করেছিলেন।
শিক্ষাজীবনে তিনি হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তাঁর অনাড়ম্বর জীবনযাপন ও আধ্যাত্মিকতার কারণে মানুষ তাঁকে ভালোবেসে “সূফি” উপাধিতে ভূষিত করেন।
স্থায়ী উত্তরাধিকার ও পরিবার
ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ও পরহেজগার এই আলেম সমাজে দ্বীনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। তাঁর হাতে গড়া হাজারো ছাত্র আজ দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। পারিবারিক জীবনে তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। তাঁর মেঝো ছেলে আহমুদুল হাসান বর্তমানে একই মাদ্রাসার মঈনে মুহতামিম হিসেবে দায়িত্বরত আছেন।
মাওলানা মোস্তফা সূফি (রহ.)-এর ইন্তেকালে কোম্পানীগঞ্জসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
