ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬: ২৭,৮০০ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল
মোস্তাফিজুর রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত সমস্যা দূর করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়-এর সঞ্চালনায় সভায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আব্দুল্লাহ আল নাহিদ। সভায় স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্পেইনটি সফল করার বিষয়ে তাদের মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন, শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী উপজেলায় মোট ২৭,৮০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে:
- ৬ থেকে ১১ মাস বয়সী শিশু: ২,৭৫০ জন।
- ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: ২৫,০৫০ জন।
ক্যাম্পেইন সফল করার আহ্বান
সভায় উপস্থিত বক্তারা ক্যাম্পেইনটিকে শতভাগ সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান নয়ন, এনসিপি’র আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আব্দুর রহমান, আমীর মাঃ আব্দুল মালেক, বিএনপি নেতা শামসুজ্জামান হাসু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার।
বক্তারা আহ্বান জানান, অভিভাবকরা যেন নির্ধারিত দিনে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
