ধর্ষণচেষ্টা মামলা: পুলিশকে জামায়াতের এমপি প্রার্থীর হুঁশিয়ারি
প্রতিনিধি, নবাবগঞ্জ, ঢাকা।

জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল এলাকায়ছবি।
তদন্ত না করে একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. নজরুল ইসলাম এই হুঁশিয়ারি দেন। তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে সোজা পথে চলতে বলেন।
গতকাল শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এক পথসভায় নজরুল ইসলাম এসব কথা বলেন।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ ও হুঁশিয়ারি
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পথসভায় অভিযোগ করেন যে, একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে মাওলানা মোহাম্মদ আলীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, তাদের ভেরি ক্লিয়ারলি বলেছি, কোনো রাজনৈতিক হীন উদ্দেশ্যে যদি অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত ছাড়াই যদি আপনারা তা গ্রহণ করেন, তার কনসিকোয়েন্স (ফলাফল) কিন্তু ভালো হবে না।”
নজরুল ইসলামের কঠোর হুঁশিয়ারি:
“রাজনৈতিক ময়দান শান্ত আছে। শান্ত থাকতে দিন। না হলে পরিণতি ভালো হবে না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে আপনারা যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে।”
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
