
শেখ মেহেদী হাসান নাদিম
১১ই মে ২০২৩—এইতো সেদিনের কথা। অনেকেরই মনে আছে নিশ্চয়ই। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে সেদিন ভ্যাপসা গরম আর তীব্র দাবদাহে চারদিক যেন ফুটছে। আদালতের এজলাসে দীর্ঘ সময় ধরে মামলার সওয়াল-জবাব আর আইনি লড়াই চালিয়ে নিজের চেম্বারের দিকে ফিরছিলেন মাত্র ৪৪ বছর বয়সে প্রাণ হারানো আইনজীবী শফিউল আলম। গায়ে জড়ানো ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্য থেকে আসা ভারী কালো কোট আর পুরু গাউন—যে পোশাক এ দেশের আবহাওয়ায় একপ্রকার শ্বাসরুদ্ধকর সাজা। হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের সেদিন একটাই আর্তনাদ ছিল—তীব্র গরমে ভারী পোশাক পরে দীর্ঘ শুনানিতে অংশ নেওয়ায় হিট স্ট্রোকেই প্রাণ হারিয়েছেন শফিউল আলম। সেদিন আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর এই অকালমৃত্যু কেবল একটি পরিবারের প্রদীপই নিভিয়ে দেয়নি, বরং উন্মোচন করেছিল আমাদের বিচার ব্যবস্থার এক নিষ্ঠুর প্রাতিষ্ঠানিক অনমনীয়তা।
সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল—শীতপ্রধান যুক্তরাজ্যের জলবায়ুর উপযোগী যে পোশাক ব্রিটিশরা তাদের প্রয়োজনে প্রবর্তন করেছিল, বাংলার ক্রান্তীয় ও আর্দ্র আবহাওয়ায় তাকে কেন অন্ধভাবে বাধ্যতামূলক করে রাখা হবে? আমাদের দেশের অধিকাংশ আদালতের এজলাসের অবকাঠামোগত বাস্তবতা তো কারো অজানা নয়। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা কিংবা আধুনিক এয়ার কন্ডিশনিংয়ের অনুপস্থিতিতে গ্রীষ্মকালে বিচারিক আদালতগুলো একেকটি ভ্যাপসা কুঠুরিতে পরিণত হয়। সেখানে যখন একজন আইনজীবী বা বিচারক ভারী কালো কোট, গলার কাছে আটকে থাকা নেকব্যান্ড এবং তার ওপর পুরু গাউন পরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, তখন তা পেশাগত দায়িত্ব পালনের চেয়ে এক ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল হয়ে দাঁড়ায়। প্রকৃতি যেখানে আমাদের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় হালকা ও আরামদায়ক পোশাকের কথা বলে, শতবর্ষ আগের এক ভিনদেশি অনুকরণ তখন আমাদের ওপর চাপিয়ে দেয় এক অবাস্তব শৃঙ্খল। অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন জাগে—এই ভারী পোশাকের মোড়কে আইনজীবীরা হাজির না হলে কি আমাদের বিচারকগণ কিংবা বিচারাঙ্গনের নীতিনির্ধারকরা আইন-কানুন অনুধাবন করতে অক্ষম হয়ে পড়বেন? নাকি বিচার পরিচালনার মূল ভিত্তি বিচারকের মেধা ও আইনের সঠিক প্রয়োগের ওপর নয়, কেবল বাহ্যিক এই অন্ধ প্রাতিষ্ঠানিক ফরমালিটির ওপর নির্ভরশীল?
গত ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে (১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জারিকৃত একটি নতুন বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং-২০/২০২৬) আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনপূর্বক বিনীতভাবে বলতে চাই, বিজ্ঞ রেজিস্টার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমানের স্বাক্ষরসংবলিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অধস্তন আদালতসমূহের বিচারক ও আইনজীবীদের জন্য পূর্বের পোশাক শিথিলতার নির্দেশনা স্থগিত করে আগামী ২২ নভেম্বর থেকে Civil Rules and Orders এবং Criminal Rules and Orders অনুযায়ী পুনরায় পূর্ণাঙ্গ পোশাক পরিধানের কঠোর বিধান পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে গত ৩০ জুন ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং-১৪/২০২৬-এর কার্যকারিতা স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের পর থেকে প্রতি গ্রীষ্মে একই আশঙ্কা ফিরে আসে, একই অস্থায়ী ছাড় আসে, আর শীত এলেই আবার একই কালো পোশাকে ফেরত পাঠানো হয়। দাপ্তরিক আদেশের মোড়কে এই পুরোনো শৃঙ্খলকে পুনরায় আঁকড়ে ধরার সিদ্ধান্ত আমাদের মনে গভীর হতাশার জন্ম দেয়।
সবচেয়ে বড় কথা হলো, এই বিজ্ঞপ্তিতে স্পষ্টতার চেয়ে অস্পষ্টতাই বেশি। এই গরমিলটা কাগজেই আছে: এপ্রিলে বলা হলো বিচারকরা কোট পরবেন, গাউন নয়; জুনে বলা হলো গাউন পরবেন, কোট নয়। নভেম্বরে এসে বলা হলো স্থগিত হলো ৩০ মার্চের বিজ্ঞপ্তি, যদিও মাঠে শেষ নির্দেশনা ছিল ৩০ জুনের! ১৬ নভেম্বরের বিজ্ঞপ্তি নং-২০/২০২৬-এ ৩০ মার্চের ১৪/২০২৬-এর কথাই লেখা আছে, ৩০ জুনের কথা নেই। কোনটা বাতিল হলো, কোনটা বহাল—এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর বিজ্ঞপ্তিতে নেই। আদালতের পোশাক শিথিল বা কঠোর করার এই বার্ষিক লুকোচুরি এবং প্রশাসনিক ভুলভ্রান্তি ও গরমিলপূর্ণ বিজ্ঞপ্তি জারির সংস্কৃতি বিচার অঙ্গনে কেবল ধোঁয়াশাই তৈরি করে না, বরং এটি প্রমাণ করে যে মানুষের জীবনের চেয়েও প্রথা রক্ষা করাই যেন দাপ্তরিক মূল লক্ষ্য।
আইন বা বিচার কেবল পুঁথিগত নিয়মের বা অনুশাসনের অন্ধ অনুকরণ নয়; এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, তার জীবন এবং মানবিক নিরাপত্তা। ব্রিটিশ রাজত্বকালের অবসান ঘটেছে বহু দশক আগে, অথচ আমাদের বিচার অঙ্গনের পোশাকে আজও সেই শৃঙ্খলের অদৃশ্য আঁচড় রয়ে গেছে। সময় এসেছে প্রাতিষ্ঠানিক অন্ধত্ব থেকে বেরিয়ে আসার। প্রতি বছরের এই অস্থায়ী লুকোচুরি বন্ধ করে আমাদের নিজস্ব আবহাওয়ার উপযোগী, স্বাস্থ্যসম্মত এবং পরিবেশবান্ধব একটি স্থায়ী ও পৃথক গ্রীষ্ম ও শীতের জন্য আলাদা পোশাক বিধি প্রণয়ন করা এখন সময়ের সবচেয়ে জোরালো দাবি—যাতে আর কোনো আইনজীবী আদালতের এজলাসে দাঁড়িয়ে নিজের জীবনের বিনিময়ে এই সহজ সত্যটি স্মরণ করিয়ে দিতে বাধ্য না হন।