কোম্পানীগঞ্জে প্রেসক্লাবের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি এক মিলনমেলায় পরিণত হয়।

আলোচনা সভা ও ঐতিহ্যের পান্তা-ইলিশ

সকালে বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন ‘বাঁশের কুটির’ রেস্তোরাঁয় এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনায় বক্তারা বাঙালির সাংস্কৃতিক পরিচয়, সামাজিক সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐক্য ও সংস্কৃতির প্রাণ।” আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।

‘আনন্দ নবযাত্রা’ শোভাযাত্রা

পান্তা-ইলিশ ভোজের পর এক বর্ণাঢ্য ‘আনন্দ নবযাত্রা’ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বসুরহাট পৌরসভা গেট থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী লোকজ সাজসজ্জায় সজ্জিত এই শোভাযাত্রাটি পথচারীদের নজর কাড়ে।

প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময়

পরে প্রেসক্লাব সদস্যরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত বৈশাখী উৎসবে অংশ নেন। সেখানে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিমের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

দিনব্যাপী এই আয়োজন কোম্পানীগঞ্জে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানকে সফল করায় প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *