সুলতান আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আশ্রয়-প্রশ্রয় ও রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মজনু ফকিরের বিরুদ্ধে। চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সাগর পাশাকে বিএনপির কর্মসূচিতে সক্রিয় করা এবং গত জাতীয় নির্বাচনে ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
পোলিং এজেন্ট নিয়োগ ও আটক নিয়ে বিতর্ক
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক অনুষ্ঠানে শাহ্ মো. মজনু ফকিরকে ফুল দিয়ে বরণ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সাগর পাশা। পরবর্তীতে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে তাঁকে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া সম্প্রতি মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে সাগর পাশা গ্রেপ্তার হলেও কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে ছাড়া পান। কার হস্তক্ষেপে তিনি মুক্তি পেলেন, তা নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
তৃণমূলের ক্ষোভ ও বহিষ্কারের দাবি
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে মজনু ফকির নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন, যা দলের গোপনীয়তা ও ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পোলিং এজেন্ট বানানোকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তাঁরা।
ক্ষুব্ধ নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে সাগর পাশার রাজনৈতিক পরিচয় যাচাই, পোলিং এজেন্ট নিয়োগের নেপথ্য ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং বিতর্কিত ভূমিকা রাখার দায়ে সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মজনু ফকিরকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন।